শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রী চাইলেই চাঁদাবাজির টুঁটি চেপে ধরতে পারেন: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রী চাইলেই চাঁদাবাজির টুঁটি চেপে ধরতে পারেন: জামায়াত আমির
জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: ঢাকা মেইল

‘প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলেই চাঁদাবাজির টুঁটি চেপে ধরতে পারেন’ বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে সরকারপ্রধান ও দলীয়প্রধান। তিনি চাইলেই দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কিনা- এটাই বড় বিষয়।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াতের সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী সারাবিশ্বই সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে- সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। এখন এই দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। এদেশের মানুষ চায়- ভারতের সাথে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদার, সমতারভিত্তিতে। 

সংগঠনের নেতাকর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। এই আস্থা অর্জন করতে এই সংগঠন দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের মাঝে ইসলামের দাওয়াত ও আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে।

আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দিয়ে শফিকুর রহমান বলেন, ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে; সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনের সঞ্চালনায় ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

মহানগরী জামায়াতের আমির কেরামত আলী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান এমপি। 

সম্মেলনে আরও বক্তব্য দেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী জেলা আমির আব্দুল খালেক।

উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শুরা ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ। 

সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক (রোকন) সদস্য (নারী-পুরুষ) উপস্থিত ছিলেন।

জামায়াত আমির শফিকুর রহমান একইস্থানে বিকেলে রাজশাহী জেলা জামায়াতের সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর