বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা।
শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞাকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের স্থলাভিষিক্ত করে বাউরেসের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ২৫ আগস্ট ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে এ নিয়োগ কার্যকর হবে। তিনি পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক। প্রাণিসম্পদ, প্রজনন ও জেনেটিক্স বিষয়ে তাঁর গবেষণার অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন দেশি-বিদেশি জার্নালে তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি শিক্ষকদের বিএনপিপন্থি সংগঠন সোনালী দলের বর্তমান কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাউরেস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম পরিচালনা, সমন্বয় ও গবেষণা প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা আগামী দুই বছর এ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন।
প্রতিনিধি/এজে




