যশোরে বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি টিপু সুলতান বিশ্বাস মেম্বারকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার হাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে টিপু সুলতান বিশ্বাসকে গ্রেফতার করে।
টিপু সুলতান সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাস ও মৃত ফুলজান বিবির ছেলে। তিনি তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার সাবেক ইউপি সদস্য।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেন বলেন, টিপু সুলতান বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বর্তমানে তিনটি হত্যা মামলাও চলমান রয়েছে।
পুলিশের দাবি, টিপু সুলতান আগে সর্বহারা দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর টিপু সুলতানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস




