সিরাজগঞ্জের রায়গঞ্জে বালুবাহী ১০ চাকার ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান নামে এক হেলপার আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নূর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এস অ্যান্ড বি ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুবাহী ডাম্প ট্রাকটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। স্থানীয়দের দাবি, এ সময় হেলপার রায়হান গাড়িটি চালাচ্ছিলেন এবং চালক শরিফুল ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে এস অ্যান্ড বি ভাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটি সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে শরিফুল ও রায়হান গুরুতর আহত হন।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রায়হান বর্তমানে চিকিৎসাধীন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রতিনিধি/এসএস




