নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো একই এলাকার আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসার (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিএনজিকে সাইড দিতে গিয়ে স্কুলবাস খাদে, প্রাণ গেল শিক্ষার্থীর
ওসি জানান, বিকেলে শিশুদের খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে পুকুরে নেমে একে একে চার শিশুকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তারা কোনো অভিযোগ না করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।




