চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা সেবনের আসরে অভিযান চালিয়ে পুলিশ সদস্যসহ দুজনকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়েজিদ বিন আখন্দ।
গ্রেফতার দুজন হলেন পুলিশ কনস্টেবল নিউটন সিকদার (৩৭) ও রাজেশ ধর (২৮)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাস করে কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা করেন।
নিউটন সিকদার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেনেরহাট হিন্দুপাড়া এলাকার দোলন সিকদারের ছেলে। রাজেশ ধর একই এলাকার সবুজ ধরের ছেলে।
আরও পড়ুন: জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি জানান লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হুদা। তিনি জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পুলিশ কনস্টেবল নিউটন সিকদার অনেক আগেই বরখাস্ত হয়েছেন। তিনি ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। স্থানীয়দের অভিযোগ, তার বাড়িতে নিয়মিত ইয়াবা সেবনের আসর বসত।
এসআই জানান, খবর পেয়ে বুধবার দিনগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়েজিদ বিন আখন্দের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তিন মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।
অভিযানে পুলিশের ২০ সদস্যের একটি দল অংশ নেয়। এ সময় কয়েকজন পালিয়ে যান। নিউটনকে আটক করতে গেলে তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন। অন্যদিকে রাজেশ পাশের পুকুরে লাফ দেন। পরে সামান্য আহত অবস্থায় দুজনকে গ্রেফতার করা হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।




