গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও ছবি প্রকাশের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আইডিটির ব্যবহারকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুব জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ।
তিনি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মো. আবুল হোসাইনের ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জিডির বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্।
জিডি সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে ফেসবুক ব্যবহারের সময় ‘খালেকুজ্জামান চৌধুরী রাজা’ নামে একটি আইডিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি ও পোস্ট শেয়ার করতে দেখেন তিনি। একই আইডি থেকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর পোস্টে আপত্তিকর মন্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জিডিতে বলা হয়, এসব পোস্টকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি নথিভুক্ত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জিডির বিষয়ে আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ বলেন, ফেসবুকে একটি আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও ছবি প্রকাশ করা হচ্ছে। এতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আইডিটি কার এবং কারা এসব পোস্ট করছে, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, গত মঙ্গলবার রাতে এ সংক্রান্ত একটা জিডি পেয়েছি। ওই জিডি জেলা পুলিশ সুপার বরাবরে পাঠিয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এ বিষয়ে আমি নিজেও একটা জিডি করছি।
প্রতিনিধি/এলএ




