বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ইলিশ ধরতে সাগরে গিয়ে লাশ হয়ে ফিরলেন জামাল, দিশেহারা পরিবার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

ইলিশ ধরতে সাগরে গিয়ে লাশ হয়ে ফিরলেন জামাল, দিশেহারা পরিবার
মৃত জেলে জামাল। ছবি: ঢাকা মেইল

জীবিকার তাগিদে উত্তাল সাগরে ইলিশ ধরতে গিয়ে  লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জামাল হাওলাদার (৫৮)।  বুধবার (১৯ আগস্ট) রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জামালের দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সাগরের ‘সালেক চর’ এলাকায় প্রচণ্ড ঝড়ের মধ্যে জাল ফেলতে গিয়ে ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন জামাল। এ সময় ট্রলারের জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে বুধবার (১৯ আগস্ট) দুপুরে মাছ ধরার জালে তার মরদেহ উঠে আসে। 

জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জামাল হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব আমতলী গ্রামের বাসিন্দা। তিনি মোরেলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির সদস্য ছিলেন। 

জামালের মৃত্যুতে একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে নিয়ে রেখে যান।  স্বামীর মৃত্যুতে শোকের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়েছেন তার স্ত্রী।

ইউপি সদস্য আবুল হোসেন জানান, নদীভাঙনে বসতভিটা ও ঘরবাড়ি হারিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব আমতলী গুচ্ছগ্রামে বসবাস করছিলেন তিনি। সংসারের আর্থিক সংকট মোকাবিলা এবং স্ত্রী-সন্তানদের জীবিকা নির্বাহের জন্য জীবনের ঝুঁকি নিয়েই মাছ ধরতে যেতেন। গত ২৫ জুলাই আলম আকনের ট্রলারে করে ইলিশ ধরার উদ্দেশে সাগরে যাত্রা করেছিলেন জামাল।

জামালের মৃত্যুর খবর পেয়ে জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং এ দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, জামাল হাওলাদারের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে বিধি অনুযায়ী সরকারি অনুদান পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর