বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে পিসিএনপির মানববন্ধন

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে পিসিএনপির মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং পাহাড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছে। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অপহরণ, নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পাহাড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চাঁদাবাজি ও অপহরণ বন্ধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। সভাপতিত্ব করেন পিসিএনপি বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন পিসিএনপি বান্দরবান জেলা শাখার সহসভাপতি মাও. মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর সভাপতি সামছুল হক শামু, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান পার্বত্য জেলা সভাপতি আসিফ ইকবাল এবং পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা সভাপতি মো. ইব্রাহিম। এ ছাড়া পিসিএনপি নেতা মো. কামাল হোসেন, মো. আজিজ উদ্দীন, সজল মাস্টারসহ নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ ও যুব পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর