ঢাকা মেডিকেলের ইএনটি’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা, সারাদেশে চিকিৎসা সংশ্লিষ্টদের ওপর নিপীড়ন এবং সকল হাসপাতাল ও চিকিৎসা প্রদানের স্থানসমূহের নিরাপদ পরিবেশের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেনারেল হাসপাতাল এবং পাবনা মেডিকেল কলেজের চিকিৎসকদের উদ্যোগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন— পাবনা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম ও ড্যাব পাবনার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানসহ কর্মকর্তা কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, একজন চিকিৎসক তার সর্বোচ্চটুকু দিয়েই রোগীদের সেবা করেন। এরপর কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা আইনি প্রক্রিয়ায় যেতে পারে কিন্তু চিকিৎসকের ওপর হামলা নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে।
প্রতিনিধি/টিবি




