রংপুরের মিঠাপুকুরে পূর্বশত্রুতার জের মিজানুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ।
মঙ্গলবার রাত ১২টা থেকে ১ টার দিকে উপজেলার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান চিথলী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ব্যবসায়ী মিজানুর রহমান মাঠেরহাট থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চিথলী পশ্চিমপাড়া গ্রামের নির্জন রাস্তায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা আবুল কালামের নেতৃত্বে ১৭-১৮ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে একা পেয়ে ঘেরাও করে। পূর্বশত্রুতার জের ধরে তারা মিজানুরকে ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




