বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
নবদম্পতি আটক সাকিব ও মৃত সাকিনা। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বাড়িতে সাকিনা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, তাকে মারধর করে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সৌদিপ্রবাসী সাকিবকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে সদর উপজেলার রাধিকা এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

সাকিনা সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের পূর্বপাড়া এলাকার হুমায়ুন মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সাকিনার অসুস্থতার কথা জানিয়ে তার পরিবারের সদস্যদের ফোন করেন স্বামী সাকিব। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সাকিনাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে দুপুরে মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সাকিনার মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান।

সাকিনার বড় বোন খাদিজা জানান, প্রায় আড়াই মাস আগে পারিবারিকভাবে সৌদিপ্রবাসী সাকিবের সঙ্গে সাকিনার বিয়ে হয়। বিয়েতে চার লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছিল। বিয়ের পর প্রথম দিকে তাদের সংসার ভালোই চলছিল। তবে পরবর্তীতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সাকিনা, তার স্বামী সাকিব ও শাশুড়ি আশেদা বেগমের মধ্যে বিরোধ দেখা দেয়।

খাদিজার অভিযোগ, সাকিনার বিরুদ্ধে ঠিকমতো কাজ না করার অভিযোগ তুলে তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। ঘটনার দিনও সাকিনাকে তার স্বামী ও শাশুড়ি মারধর করেন বলে তিনি দাবি করেন। এতে তার দুই কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি তার বোনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক নববধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সাকিনার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর