ফেনীর শর্শদীতে বিদ্যালয়ের পাশে বিটুমিন পোড়ানোর বিষাক্ত কালো ধোঁয়া ও উৎকট গন্ধে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শর্শদী ইউনিয়নের উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো পঞ্চম শ্রেণির হাসনা আক্তার মুক্তা (১০), সামিয়া নওরিন (১০), মারিয়া আক্তার (১০) ও নিহা (১১)। তারা সবাই উত্তর শর্শদী এলাকার বাসিন্দা।
অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে সড়ক সংস্কার কাজের জন্য বিটুমিন পোড়ানোর কাজ চলছিল। বুধবার দুপুর দেড়টায় শিক্ষার্থীদের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল। পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলে চারদিকে বিটুমিনের তীব্র বিষাক্ত ধোঁয়া ও গন্ধ ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষার আগেই কয়েকজন শিক্ষার্থী তীব্র শ্বাসকষ্টে ভুগতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে।
ঘটনার পরপরই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি রানী কর্মকার ও হাজরা আক্তার অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রোকন উদ্দৌলা জানান, দুপুর দেড়টার দিকে শ্বাসকষ্ট ও অসুস্থতা নিয়ে চার শিক্ষার্থী হাসপাতালে আসে। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে বাড়িতে পাঠানো হয়েছে এবং বাকি দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বিটুমিন পোড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
প্রতিনিধি/ এজে




