বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরা পাচারের সময় বিজিবির ধাওয়া খেয়ে পালানোর সময় চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় ফারুক আহমদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বুধবার (১৯ আগস্ট) ভোররাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফারুক আহমদ কানাইঘাট সদর ইউনিয়নের আগ্রীপাড়া গ্রামের মৃত মতসিন আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি এলাকা দিয়ে একটি টাটা পিকআপে করে ভারতীয় জিরা পাচার করা হচ্ছিল। এ সময় সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা পিকআপটি আটক করতে পেছন থেকে ধাওয়া করেন।

বিজিবির ধাওয়া খেয়ে চালক বেপরোয়া গতিতে পিকআপটি সুরইঘাট বাজারের দিকে নিয়ে যান। বাজারের কাছে ফারুক আহমদ ও আম্বিয়া আহমদ নামের দুই ব্যক্তিকে পিকআপটি ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। ফারুক আহমদের দুই পা ভেঙে যায়।

পরে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যান। আহত দুজনকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফারুক আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক পিকআপে থাকা ভারতীয় জিরার সঙ্গে সুনারতনপুঞ্জি গ্রামের আব্দুল জব্বারের ছেলে দেলোয়ার হোসেন, বাগরা গ্রামের আনিছুল হকের ছেলে সাজনসহ কয়েকজন জড়িত বলে স্থানীয়দের দাবি। পলাতক চালকের নাম তুলি মিয়া। তিনি ভাউরভাগ চতুর্থ খণ্ড গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে।

কানাইঘাট সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন বলেন, ফারুক আহমদ ও আম্বিয়া আহমদ তার ওয়ার্ডের বাসিন্দা। ফারুক সুরইঘাট বাজারে দিনমজুরের কাজ করতেন। সীমান্ত দিয়ে চোরাইপথে আসা পণ্যবাহী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

সুরইঘাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বলেন, ভারতীয় পণ্যবোঝাই যানবাহন প্রায়ই বেপরোয়া গতিতে বাজার ও আশপাশের সড়ক দিয়ে চলাচল করে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা ঝুঁকিতে রয়েছে। তারা চোরাচালান বন্ধের পাশাপাশি এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আহত বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর