রাজবাড়ীর পাংশায় মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জজ আলী পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি কৃষিকাজ করতেন এবং তিন সন্তানের বাবা ছিলেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গভীর রাতে কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে মোটর চুরি করতে গেলে স্থানীয় লোকজন জজ আলীকে আটক করেন। এরপর তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ভোর পাঁচটার দিকে তিনি ঘটনাটি জানতে পারেন। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে মারধর না করে পুলিশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জজ আলীকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




