বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

সিলেটে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার রতনপুর এলাকায়। তার বয়স চার মাস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৩১৭ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন। নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এর মধ্যে সিলেটে ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর