ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আয়োজনে বরের জন্য আস্ত খাসি না থাকাকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় আলোচনায় আসা জাপানপ্রবাসী জুনায়েদ এবার বিয়ে করেছেন। নতুন বিয়েতে অবশ্য বরের বিশেষ খাবারের আয়োজনে রাখা হয়েছিল আস্ত খাসির ‘খদর’।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে জান্নাত আক্তারের সঙ্গে জুনায়েদ মিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছয় লাখ টাকা দেনমোহরে এই বিয়ে হয়েছে।
বিয়ের পর নববধূর সঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক একাউন্টে প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন জুনায়েদ। সেখানে তিনি বিয়ে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবদম্পতির সুখী ও শান্তিময় দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
জুনায়েদের ছোট ভাই পারভেজ রানা জানান, নতুন বিয়ের বিষয়ে কনেপক্ষই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। দুই পরিবারের আলোচনার পর মঙ্গলবার রাতে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জুনায়েদের আগামী ৩০ আগস্ট পর্যন্ত ছুটি থাকলেও বিয়ের কারণে তিনি ছুটি বাড়াবেন।
নতুন বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিওতেও দেখা গেছে, এবার বরের বিশেষ খাবারে আস্ত খাসি রাখা হয়েছে। বরসহ উপস্থিত সবাইকে সেই খাবার আনন্দের সঙ্গে খেতে দেখা যায়।
ফলে আগের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় আলোচনার কেন্দ্রে থাকা ‘খাসি-কাণ্ড’ নতুন বিয়েতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রতিনিধি/টিবি




