বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে কর্মশালা ও প্রদর্শনী

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে কর্মশালা ও প্রদর্শনী

‘একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী’ প্রতিপাদ্যে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সহায়তায় দিনব্যাপী এ আয়োজন করা হয়।

আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় জমা পড়া ছবি থেকে বিচারকমণ্ডলী সেরা ৫০টি ছবি বাছাই করে প্রদর্শনীতে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদীর ও এলিগেন্ট ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সালেহুর রহমান সজীব। সভাপতিত্ব করেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলাম।

প্রদর্শনী ঘুরে দেখেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। তরুণ আলোকচিত্রীদের তোলা ছবির প্রশংসা করে তিনি বলেন, তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সদস্যসচিব দেবাশীষ, সদস্য বিপ্লব, রাফি, বাধন মণ্ডল, জুলফিকার, বায়েজিদসহ সংগঠনের সদস্য, স্থানীয় সাংবাদিক ও তরুণ আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, ফটোগ্রাফি এখন শুধু শখ নয়, আধুনিক দৃশ্যশিল্প ও পেশারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি ছবির মাধ্যমে সমাজের বাস্তবতা ও ইতিহাসকে ধারণ করা সম্ভব। নতুন প্রতিভাবান আলোকচিত্রীদের খুঁজে বের করা এবং তরুণদের উৎসাহিত করতে প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখা হবে।

প্রতিযোগিতায় স্কুল ও কলেজ—দুটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্কুল পর্যায়ে প্রথম হয়েছে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান এবং দ্বিতীয় হয়েছে রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হোসেন।

কলেজ পর্যায়ে প্রথম হয়েছে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক এবং দ্বিতীয় হয়েছে একই কলেজের শিক্ষার্থী মেহজাবিন নাফিশা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর