মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ডোমারে ট্রেনে কাটা পড়ে বিসিএসের কৃষি কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

ডোমারে ট্রেনে কাটা পড়ে বিসিএসের কৃষি কর্মকর্তা নিহত

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। তাঁর নাম মীর তানভীর আহমেদ (২৯)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহতের বড় ভাই মীর সফিকুল ইসলাম।

নিহত তানভীর আহমেদ মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের মো. বজলুর রশিদের ছেলে। তাঁর বাবা একটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে টিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তানভীর নিহত হন। ডোমার উপজেলা শহরের অদূরে শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা নিহতকে শনাক্ত করতে না পারায় পরে সিআইডি ও পিবিআইয়ের সহযোগিতায় তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের বড় ভাই মীর সফিকুল ইসলাম বলেন, তানভীর ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন। চাকরিতে যোগদানের অপেক্ষায় ছিলেন তিনি। বিসিএস ক্যাডার হয়ে দেশের জন্য কাজ করার অনেক স্বপ্ন ছিল তাঁর।

তিনি বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২০২৪ সালের জানুয়ারিতে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন তানভীর। চলতি বছরের জুনে তাঁকে পঞ্চগড়ের দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বদলি করা হয়।

পরিবারের সদস্যরা জানান, কেন বা কীভাবে তানভীর রেললাইনে গিয়েছিলেন, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না। তাঁর মৃত্যুর কারণও পরিবারের কাছে এখনো অজানা।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার শফিকুর রহমান বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর