মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের জাল উদ্দিনের ছেলে তাসিন মিয়া (১৭), দুলাল মিয়ার ছেলে নুরু মিয়া (১৭), লতিবাবাদ ইউনিয়নের নয়ন মিয়ার ছেলে প্রত্যয় (১৭), আনিস মিয়ার ছেলে জিসান (১৭), মগবুল হোসেনের ছেলে মোবারক হোসেন হিরা (১৭) ও আবু বক্করের ছেলে ইকরাম হোসেন (১৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর ঢাকিপাড়া গ্রামের অ্যাডভোকেট আব্দুল খালেক দাদনের বাড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়।

পরে ওই বাড়ি থেকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ছবিসংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘শোক থেকেই শক্তি, শোকাবহ আগস্ট, বিক্ষোভ মিছিল’ এবং সৌজন্যে খালিদ হাসান তুষার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখা।

এ ঘটনায় নান্দাইল মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে গ্রেফতার ছয়জনকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সময় আটক হন। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর