মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, জামায়াত নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, জামায়াত নেতাকে অব্যাহতি
বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ইনামুল মোল্লা।

ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের আকরাম মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী বাজারের মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকর্মী হিসেবে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুশডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। সম্প্রতি তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারসহ স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘দুই দিন আগে ওই নারীর স্বামী প্রবাস থেকে আমাকে ফোন করে জানান, ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক রয়েছে।’

বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান বলেন, বিষয়টি অপপ্রচার করা হচ্ছে।

তবে পৌর জামায়াতের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ বলেন, ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে মৌখিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর