মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

আশ্বাসের পরও রক্ষা হয়নি, নদীভাঙনে সরছে চরবাসীর একমাত্র স্কুল

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

আশ্বাসের পরও রক্ষা হয়নি, নদীভাঙনে সরছে চরবাসীর একমাত্র স্কুল

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরবাসীর একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীভাঙনের মুখে পড়েছে। বিদ্যালয়টি রক্ষায় পানি সম্পদ প্রতিমন্ত্রী, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের আশ্বাস মিললেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত স্কুলটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, গত ৮ আগস্ট পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বিদ্যালয়টি রক্ষার আশ্বাস দেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও এলাকা পরিদর্শন করেছিলেন। তবে আশ্বাসের পরও নদীভাঙন ঠেকাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

কাপাসিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশেষ করে চরবাসীর একমাত্র স্কুলটি রক্ষার কথা বলা হয়েছিল। কিন্তু সময়মতো কার্যকর উদ্যোগ না নেওয়ায় আজ বিদ্যালয়টি সরিয়ে নিতে হচ্ছে। এর দায় সংশ্লিষ্টরা এড়াতে পারবেন না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম বলেন, ‘গতকালও স্কুলে ক্লাস হয়েছে। আজ ভোরে ভাঙনের খবর পেয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাই। তার পরামর্শে ১৪ জন শ্রমিক দিয়ে বিদ্যালয়ের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে একটি বেড়া ও তিনটি জানালা নদীতে বিলীন হয়েছে।’

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বলেন, নদীভাঙন শুরুর পর থেকে বিষয়টি সংশ্লিষ্ট দফতরগুলোকে জানানো হয়েছিল। কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, নতুন করে ভাঙন শুরু হয়েছে। বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নদীভাঙনের কারণে এখন শুধু একটি বিদ্যালয় নয়, চরাঞ্চলের শিশুদের শিক্ষার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর