মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

মাগুরার শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর ১৫ বাড়ি

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

মাগুরার শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর ১৫ বাড়ি

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫টি বাড়িঘর ও একটি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চন্ডিখালী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চন্ডিখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও একই গ্রামের সাবেক গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদ মল্লিকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজুল ইসলামের সমর্থক ইমদাদুল (৪০) ও আকুল (৫০) লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তারা ইসরাইল মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে আসাদ মল্লিকের সমর্থকেরা তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়। এতে দুজন গুরুতর আহত হন।

এ খবর ছড়িয়ে পড়লে সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে আসাদ মল্লিকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আসাদ মল্লিকের সমর্থক সিরাজ (৪০), আলম (৫৫) ও আমিরুল (৫০) আহত হন।

c44f04c3-cc8d-48c9-abee-741f8b385cad

আহত পাঁচজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ১৫টি বাড়িঘর ও একটি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, সিরাজুল ইসলাম ও আসাদ মল্লিকের সমর্থকদের বাড়িঘরে এসব হামলা চালানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর