মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সৎ ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগে সাবেক ইউপি সদস্য কারাগারে

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

সৎ ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগে সাবেক ইউপি সদস্য কারাগারে

সৎ ভাইয়ের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করে জাল হলফনামা ও কাগজপত্র তৈরির মাধ্যমে জমির রেকর্ড নিজের নামে নেওয়া এবং তা ভোগদখলের অভিযোগে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আবুল হোসেন গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন আবুল হোসেন। শুনানি শেষে জালিয়াতির মাধ্যমে তৈরি ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র, মিউটেশন খতিয়ান ও মামলার নথিপত্র পর্যালোচনা করে তার জামিন আবেদন নামঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই আবুল হোসেন জালিয়াতির মাধ্যমে চেয়ারম্যানের নামে ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র তৈরি করেন বলে অভিযোগ করা হয়েছে। এসব কাগজে তিনি তার সৎ ভাই আব্দুস সোবাহান গাজী, নিজের মা ও সৎ মাকে একই ব্যক্তি হিসেবে দেখিয়ে একটি ঘোষণাপত্র আদালতে দাখিল করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সৎ ভাই আব্দুস সোবাহান গাজীর জমি আত্মসাতের উদ্দেশে এসব জাল কাগজপত্র তৈরি করা হয়। বিষয়টি জানতে পেরে আব্দুস সোবাহান জাল কাগজপত্র সংগ্রহ করে আদালতের দ্বারস্থ হন।

পরে গত ১৯ জুলাই বেতাগী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুল হোসেন গাজীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন আব্দুস সোবাহান গাজী। আদালত মামলাটি আমলে নিয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার পর বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

পরবর্তীতে মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আবুল হোসেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি বরগুনা জেলা কারাগারে রয়েছেন।

তবে মামলায় করা অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর