চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মনিরা খাতুন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটির সময় শাহরাস্তি পৌরসভার সাহাপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের সড়কের পাশ থেকে কয়েকটি গাছ কাটার অভিযোগ ওঠে শেখ বেলায়েত হোসেন সেলিমের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
পরে উপজেলা বন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়ার পর গাছের মূল্য পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শেখ বেলায়েত হোসেন সেলিম ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দেন।
ইউএনও মনিরা খাতুন বলেন, গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তি পৌরসভার তহবিলে ৮ হাজার ৩০০ টাকা জমা দিয়েছেন।
তবে এর আগে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছিলেন শেখ বেলায়েত হোসেন সেলিম। তার দাবি ছিল, তিনি পৌরসভা থেকে সড়কটি লিজ নিয়ে সেখানে গাছের চারা রোপণ করেছিলেন। পরে গাছগুলো একটি মসজিদে দান করা হয় এবং মসজিদ কর্তৃপক্ষ সেগুলো কেটে নেয়।
প্রতিনিধি/এসএস




