অতি প্রয়োজনীয় ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংশোধন এবং টেকসই জ্বালানি নীতি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) ও বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।
দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ওষুধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই অতি জরুরি ওষুধের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ওষুধের দাম রাখতে কার্যকর সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসার সংকট রয়েছে। হাসপাতাল থেকে বিনা মূল্যে সরবরাহ করা ওষুধও অনেক ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছায় না। ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। এ কারণে মানুষের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করা প্রয়োজন।
টেকসই জ্বালানি নীতির দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকটের অন্যতম কারণ আমদানিনির্ভর নীতি। দেশীয় গ্যাস অনুসন্ধান অবহেলিত হয়েছে এবং বাপেক্সকে দুর্বল করা হয়েছে। সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, সৌর ও বায়ুশক্তির বিকেন্দ্রীভূত ব্যবহার এবং দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির সমালোচনা করে নীলু বলেন, চুক্তিটির কারণে দেশের আর্থিক ও ভূরাজনৈতিক ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে। শুল্ক ছাড়ের বিনিময়ে বিভিন্ন শর্ত মানতে গিয়ে বাংলাদেশের নীতি নির্ধারণের সক্ষমতা ও স্থানীয় শিল্প খাত ঝুঁকিতে পড়তে পারে।
তিনি আরও বলেন, শুল্কমুক্ত মার্কিন পণ্য দেশের বাজারে প্রবেশ করলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অসম প্রতিযোগিতার মুখে পড়বে। ভবিষ্যতে বাণিজ্য, জ্বালানি ও ডিজিটাল খাতে বিভিন্ন শর্ত পালনের বাধ্যবাধকতা তৈরি হলে দেশের নীতিনির্ধারণী স্বকীয়তা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বাক্ষরিত ওই চুক্তি সংসদে আলোচনার মাধ্যমে দেশের স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে সংশোধনের দাবি জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সহ-নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন মারুফ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, দফতর সম্পাদক হাছিব আহমেদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব।
প্রতিনিধি/এসএস




