মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ভোলায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

ভোলায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলার সদর উপজেলার আলীনগরে স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সিকে কুপিয়ে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে পাতিলে রাখার আলোচিত মামলায় স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালত এ রায় ঘোষণা করেন। আলোচিত এ মামলার রায়কে ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার নথি ও পূর্বের ঘটনার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোররাতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের বাড়িতে যান। সেখানে পারিবারিক কলহের একপর্যায়ে টিটব ঘুমিয়ে পড়লে নুরনাহার তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে মরদেহের হাত-পা টুকরো করে একটি পাতিলে রাখা হয়।

পরদিন সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তাক্ত দা হাতে ঘরের সামনে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরনাহারকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে।

তৎকালীন পুলিশ জানিয়েছিল, নিহত টিটব মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও মারামারি হতো। পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে নুরনাহার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।

ঘটনার পর নৃশংস এ হত্যাকাণ্ড ভোলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত। রায়ে স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর