দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার ১৫ বেকার যুবককে চার সপ্তাহের বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও টুলস তুলে দেন প্রধান অতিথি বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
বিজিবি জানায়, ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

অনুষ্ঠানে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি কাজ করছে। এর অংশ হিসেবে যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। সনদপত্রের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস দেওয়া হয়েছে, যাতে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজ করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন।
সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রতিনিধি/এসএস




