নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে শুধু নারী যাত্রীদের জন্য দুটি বাস মঙ্গলবার থেকে শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে চলাচল শুরু করেছে। বাস দুটির চালক ও কন্ডাক্টরও নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিআরটিসি সূত্রে জানা গেছে, গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মহিলা বাস সার্ভিস’ নামে এ সেবা চালু করা হয়েছে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে।

বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, প্রচলিত লাল রঙের বাসের পরিবর্তে বিশেষ বাসগুলোর রঙে ভিন্নতা রয়েছে। পরিচালনাতেও রয়েছে ভিন্নতা। এসব বাসে নারী যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী।
তিনি বলেন, মঙ্গলবার থেকে দুটি বাস শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে চলাচল করবে। পরবর্তী সময়ে বাস দুটি বগুড়া শহরের বিভিন্ন রুটে চলাচল করবে।
বিআরটিসি সূত্র জানায়, নারীদের জন্য চালু করা বিশেষ বাসগুলো গোলাপি রঙের। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাসের পাশাপাশি বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস এ সেবার আওতায় চালু করা হয়েছে। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বাস পরিচালনার মাধ্যমে পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




