মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৫ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া দুই শিশুর একজন হবিগঞ্জের তাসমিন, বয়স ৬ মাস ৮ দিন। অন্যজন সিলেটের বিশ্বনাথের ৯ মাস বয়সী শিশু।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ৯৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩২০, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুজন রুবেলা রোগী।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১১৫ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫১, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, নর্থ ইস্ট হাসপাতালে ৫, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৮, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১২ এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৬ জন—সিলেটে ৪, মৌলভীবাজারে ১ ও সুনামগঞ্জে ১ জন।

সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে সিলেট বিভাগে এ পর্যন্ত ১৩৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১৫ জন সন্দেহজনক হাম রোগীর হাসপাতালে ভর্তি এবং দুই শিশুর মৃত্যুর ঘটনায় সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিভাগের দুটি প্রধান হাসপাতালে রোগীর চাপও অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর