মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

নকল কীটনাশক তৈরির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ​চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩১ এএম

শেয়ার করুন:

নকল কীটনাশক তৈরির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা
মেসার্স সদের ট্রেডার্সে যৌথ অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে নকল কীটনাশক তৈরির সময় মেসার্স সদের ট্রেডার্সের মালিক মো. সদের আলীকে (৩৮) হাতেনাতে গ্রেফতার করেছে উপজেলা কৃষি বিভাগ ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

​সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্সে এ যৌথ অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্ত সদের আলী আতাহার গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

21fe5ba9-f5bd-423d-ae6d-3a61e53e41d3

উপজেলা প্রশাসন থেকে জানা যায়, কোনো প্রকার অনুমতি ছাড়া বিভিন্ন রাসায়নিক মিশ্রণ ঘটিয়ে নকল কীটনাশক তৈরি করার সময় সদের আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রাসায়নিক, খালি প্লাস্টিকের বোতল, কীটনাশকের নামযুক্ত খালি প্যাকেট এবং প্যাকেটজাতকরণের মেশিন জব্দ করা হয়। এসময় গোডাউন থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি এবং ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। দোকানের স্টক রেজিস্টারের সঙ্গে প্রকৃত মজুদের বিশাল গরমিল পাওয়া যায়। এছাড়া বিক্রয় রসিদ ও সঠিক রেজিস্টার দেখাতেও ব্যর্থ হন অভিযুক্ত ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ ঢাকা মেইলকে জানান, জব্দ করা রাসায়নিক দ্রব্যাদি নিয়ম অনুযায়ী বিলিবন্দেজের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, উদ্ধার করা সার সরকার নির্ধারিত দামে বিক্রি করে সেই অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় এবং বাজারে নকল পণ্যের কারবার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর