মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৩০ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সতেরোপাড়া উঁচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— সতেরোপাড়া উঁচাভিটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) ও তারিকুল ইসলামের ছেলে ফারহান (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহত শিশুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে দুই শিশু বাড়ির পাশে রাস্তার ধারে সতেরোপাড়া উঁচাভিটা জামে মসজিদ প্রাঙ্গণে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রিয়াদুল ইসলাম বলেন, একসঙ্গে দুই ভাইয়ের দুই শিশু সন্তানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে গ্রামের শত শত মানুষ শিশু দুটিকে একনজর দেখতে ছুটে আসেন। একই খাটিয়ায় পাশাপাশি দুই শিশুর মরদেহ রেখে জানাজা ও পরে পাশাপাশি দাফনের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কাইয়ুম বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর