সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে হবে: আরপিএমপি কমিশনার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে হবে: আরপিএমপি কমিশনার
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। ছবি: ঢাকা মেইল

‘পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেশাদারিত্ব বজায় রাখতে হবে, এ জন্য পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে’ বলে আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

সোমবার (১৭ আগস্ট) রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

আরপিএমপি কমিশনার বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ও মর্যাদা আরও সুদৃঢ় করতে প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল, মানবিক ও পেশাদার আচরণ করতে হবে। একজন পুলিশ সদস্যের কথাবার্তা, আচরণ, চলাফেরা ও দায়িত্ব পালনে পেশাদারিত্বের প্রতিফলন থাকতে হবে। জনগণ যেন একজন ইউনিফর্মধারী পুলিশ সদস্যকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সম্মানের চোখে দেখে, সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তির সঙ্গে অশোভন আচরণ বা অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা যাবে না। আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের পাশাপাশি মানবিক ও ভদ্র আচরণ নিশ্চিত করতে হবে। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা জোরদারের মাধ্যমেই জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের জুনিয়র সদস্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাদের সমস্যা, দুঃখ-কষ্ট, ক্ষোভ বা অভিযোগ প্রকাশের যথাযথ সুযোগ দিতে হবে এবং যৌক্তিক বিষয়গুলো প্রাতিষ্ঠানিক ও আইনানুগ প্রক্রিয়ায় সমাধানের উদ্যোগ নিতে হবে। বেনামি অভিযোগ, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে হেয় বা অপপ্রচারের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান। কোনো অভিযোগ বা সমস্যা থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে সরাসরি ও নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশ সদস্যদের সতর্ক করে কমিশনার বলেন, কোনো সদস্য অনলাইন জুয়া, অনৈতিক লেনদেন কিংবা অবৈধ আর্থিক কর্মকাণ্ডে জড়িত হবেন না। এসব কর্মকাণ্ড ব্যক্তি, পরিবার ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরপিএমপির নিজস্ব পুলিশ লাইন্স স্থাপনের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, সরকারের পক্ষ থেকে প্রায় ১০ একর জায়গা পাওয়া গেছে। সেখানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে বর্তমান ভাড়াকৃত স্থান থেকে নিজস্ব পুলিশ লাইন্সে দ্রুত স্থানান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, ট্রাফিক) শরিফুল আলমসহ আরপিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর