কক্সবাজারের চকরিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে একটি গাছের ডাল কাটতে যান রাশেদা বেগম। গাছটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার চলে গেছে। ডাল কাটার একপর্যায়ে একটি কাঁচা ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে গাছটি বিদ্যুতায়িত হয়ে রাশেদা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনি ছিটকে উঠানে পড়ে যান।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক বলেন, ‘দুপুরে রাশেদা গাছের ডাল কাটতে গিয়েছিল। হঠাৎ বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে বের হয়ে দেখি, সে উঠানে অচেতন অবস্থায় পড়ে আছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘শান্তিনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
প্রতিনিধি/এসএস




