গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মিয়া বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন। মোটরসাইকেল চালানোর সময় অন্যদের দিয়ে তার ভিডিও ধারণ করাতেন এবং সেগুলো নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন। এসব ভিডিওতে ব্যাপক ভিউও হতো।
সোমবার (১৭ আগস্ট) সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরির সময় শাওন হ্যান্ডেল ছেড়ে দেন। কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান তিনি। এতে গুরুতর আহত হন শাওন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




