ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে চলন্ত একটি বিলাসবহুল স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসের সব যাত্রী দ্রুত নেমে যাওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।
সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘রয়েল কক্স পরিবহন’-এর একটি স্লিপার কোচ ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছে সামনে থাকা একটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। সব যাত্রী নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। আগুন ভয়াবহ ছিল এবং পুরো বাস পুড়ে গেছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এসএস




