নড়াইলের কালিয়া উপজেলায় সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের সময় সবুজ মোল্যা (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সবুজ মোল্যা উপজেলার মাধবপাশা গ্রামের মৃত আবুল কালাম মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে উপজেলার মাধবপাশা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারী কৃষক সবুজ মোল্যা। এরপর ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ঘটনাটি অবগত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি




