নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ত্রুটি দেখা দিয়েছে। উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় যাত্রী নিয়ে টার্মিনাল এলাকা ছাড়ার পর ফ্লাইটটি আবার ফিরে যায়। এতে ফ্লাইটটির ১২৭ যাত্রী কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যাত্রা শুরু না হওয়ায় চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।
জানা গেছে, রোববার বিকাল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে বিজি৩৭২ ফ্লাইটটি ছেড়ে আসার কথা ছিল। নির্ধারিত সময়ে ১২৭ যাত্রী নিয়ে ফ্লাইটটি টার্মিনাল এলাকা ছাড়ে। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পরই উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। পরে ফ্লাইটটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
ফ্লাইটটি ফিরে আসার পর যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
যাত্রীদের অভিযোগ, ফ্লাইটটি কখন ছাড়বে কিংবা তাদের জন্য বিকল্প কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে শুরুতে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এতে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু কার্যালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিমানটির ত্রুটি মেরামত করতে কত সময় লাগবে, তা এখনই বলা সম্ভব নয়। এ কারণে বিজি৩৭২ ফ্লাইটের যাত্রীদের ঢাকায় ফেরাতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) মহিউদ্দিন আহমেদ জানান, ‘রোববার বিকাল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে বিজি৩৭২ ফ্লাইটটি ছেড়ে আসার কথা ছিল। যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়ে ফ্লাইটটি টার্মিনাল এলাকা ছাড়লেও রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পরই সেটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনা হয়।’
মহিউদ্দিন আহমেদ আরো জানান, ইতোমধ্যে বাংলাদেশ থেকে একটি বিমান নেপালে পাঠানো হয়েছে। সে দেশের স্থানীয় সময় রাত ১০টায় সেটি ঢাকার উদ্দেশে রওনা করার কথা।
এমআর




