রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে সরকারি হাসপাতালে আ.লীগের খাবার বিতরণ, ৭ জনকে শোকজ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে সরকারি হাসপাতালে আ.লীগের খাবার বিতরণ, ৭ জনকে শোকজ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ আগস্ট ‘শোক দিবস’ উপলক্ষে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের খাবার বিতরণের ঘটনা ওই হাসপাতালের ৭ জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন। 

নোটিশপ্রাপ্তরা হলেন- একজন চিকিৎসক, তিনজন সিনিয়র স্টাফ নার্স, দুইজন আনসার ও একজন নিরাপত্তা প্রহরী। 

জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) মোরশেদ আলমকে সভাপতি ও আবাসিক মেডিকেল অফিসার ফেরদৌসি আক্তার চমন সদস্য সচিব ও মেডিকেল অফিসার ডা. জামিল আরাফাত নিবিড়কে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়েছে, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিট থেকে ৫টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত কয়েকজন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ভর্তিকৃত রোগীদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন। সরকারি বিধিবহির্ভূত এ ঘটনার সময়ে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসাইন জানান, তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মনজুরুল হকের ব্যানারে এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হাসান সিজানের উদ্যোগে শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণের খবর বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর