চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি নাবিক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরের দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত এমভি ক্রিমসন গ্রেস জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ হন ইয়াসিন। এর পরপর উদ্ধার অভিযান শুরু হলেও এখনো সন্ধ্যান মিলেনি তার।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম আজ সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার পরপরই কোস্ট গার্ডকে উদ্ধার অভিযানের জন্য অবহিত করা হয়। একইসঙ্গে আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারকাজে সহায়তার জন্য চট্টগ্রাম পোর্ট অথরিটির রেডিও থেকে অনবরত ভিএইচএফ বার্তা প্রচার করা হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, সাগরে পড়ার পর জোয়ারের স্রোতে ইয়াসিন উত্তর দিকে ভেসে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে তৎপরতা শুরু হয়।
উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সোয়াডস বোট এবং কোস্ট গার্ডের দুটি জাহাজ ও একটি বোট অংশ নিয়েছে। তার অনুসন্ধান এখনো চলছে বলে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন সূত্র জানিয়েছে।
এএইচ



