শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনির একটি বাসা থেকে গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ঘরানার ১৫ আইনজীবীর মধ্যে পাঁচ নারী আইনজীবীকে একদিনের জামিন দিয়েছেন আদালত। বাকি ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এ আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন গ্রেফতার হওয়া ১৫ আইনজীবীর জামিনের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত আইনজীবী সমিতির (বার) জিম্মায় বিশেষ বিবেচনায় পাঁচ নারী আইনজীবীকে একদিনের জন্য জামিন দিয়েছেন। বাকি ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার জামিন পাওয়া ৫ নারী আইনজীবীকে আবার আদালতে হাজির হতে হবে।
জামিন পাওয়া নারী আইনজীবীরা হলেন- আয়শা হেভেন, উম্মে হাবিবা, কামেলা খানম, সুজলা অন্তরা এবং শারমিন ইয়াসমিন নিশু। আর কারাগারে পাঠানো ১০ আইনজীবী হলেন- ইস্কান্দার মির্জা, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থপ্রতিম নন্দী, শুভ আইচ, মশিউর রহমান আবির, জাকির হোসেন ও যীশু রায় চৌধুরী।
ডবলমুরিং থানার ওসি শাহীনূর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্বে থাকা আইনজীবীরা গত শনিবার রাতে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি এলাকায় গ্রেফতার উম্মে হাবিবার বাসার নিচে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে ১৫ আইনজীবীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার উম্মে হাবিবা বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, হালিশহর থানা আওয়ামী লীগের দফতরবিষয়ক সম্পাদক ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সুজলা অন্তরা এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।
এছাড়া আইনজীবী যীশু রায় চৌধুরী সাংবাদিকতা পেশায়ও আছেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক। সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন- এরা প্রত্যেকে আইনজীবী।
এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১২। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহীনূর আলম।
এএইচ



