ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন শিকদার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা এলাকায় বসবাস করতেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল মিনি কাভার্ডভ্যানটি। হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আল আমিন শিকদার নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত অন্য গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালক আল আমিন শিকদারের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিনিধি/ এজে




