রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

কুমিল্লায় মাদকবিরোধী অভিযান, তিন দিনে গ্রেফতার ২১

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় মাদকবিরোধী অভিযান, তিন দিনে গ্রেফতার ২১
মাদকবিরোধী অভিযানে গ্রেফতাররা। ছবি: ঢাকা মেইল

কুমিল্লা কোতয়ালি মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন দিনে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রথম দুই দিনের গ্রেফতার ১৩ জনকে আদালতে সোপর্দ করা হয়। তাদের একজনকে তিন মাস এবং ১২ জনকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। ১৪, ১৫ ও ১৬ আগস্ট কোতয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৪ আগস্ট ৮ জন, ১৫ আগস্ট ৫ এবং ১৬ আগস্ট ৮ জনকে গ্রেফতার করা হয়। প্রথম দুই দিনে গ্রেফতারদের আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ১৬ আগস্ট গ্রেফতার ৮ জনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট কোতয়ালি মডেল থানা এলাকায় মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে জিসান আহমেদ, সুমন ইসলাম, জাহিদুল ইসলাম ঝলক ওরফে ইমন, সাইফুল ইসলাম এবং আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে সোপর্দ করা হয়। আদালত জাহিদুল ইসলাম ঝলক ওরফে ইমনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং অপর চারজনকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেন।

১৪ আগস্ট একই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হৃদয় হোসেন, সোলেমান, উজায়ের আহম্মেদ ওরফে সাজ্জাদ মারুফ, রবিউল্ল্যাহ, সিয়াম হোসেন, কালাম ওরফে পাভেল, শরীফুল ইসলাম ও মাইন উদ্দিনকে গ্রেফতার করা হয়।

পরে তাদেরও কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেয়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর