রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

‘সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

‘সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেছেন, কেউ যদি অবৈধভাবে সার মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্যে বিক্রি বা কালোবাজারির সঙ্গে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন রংপুরের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব বলেন, সার সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বিবেচনা করা হবে না। সরকারি কর্মকর্তা বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সার ডিলারদের কার্যক্রমে নিয়মিত নজরদারি, তথ্য যাচাই এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সার ব্যবস্থাপনা শুধু একটি ব্যবসায়িক কার্যক্রম নয়। এটি কৃষক ও দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সেবামূলক কার্যক্রম। সার বিতরণ ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সার সরবরাহে বড় ধরনের ঘাটতি না থাকলেও মাঠ পর্যায়ে সুষ্ঠু মনিটরিং ও কার্যকর তদারকি আরও জোরদার করা প্রয়োজন।

মাঠ পর্যায়ে সার সরবরাহ, সংরক্ষণ, বিতরণ ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা এবং কৃষকদের জন্য সার প্রাপ্তি সহজ ও নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সার সরবরাহের বর্তমান পরিস্থিতি, মাঠ পর্যায়ে সার বিতরণ, ডিলার পর্যায়ে মজুত ও বিক্রয় ব্যবস্থাপনা, বাজার পরিস্থিতি এবং কৃষকদের কাছে যথাসময়ে ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ প্রমুখ। সভায় বিজিবি প্রতিনিধি, র‌্যাব ১৩ কর্মকর্তাসহ কৃষি বিভাগের কর্মকর্তা, সার ডিলার ও ব্যবসায়ীসহ সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর