রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ ও সন্দেহ নিয়ে এক দিনে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৯ জন।

রোববার (১৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া শিশুটির নাম তোহা (৪)। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জালাল গ্রামের বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেট বিভাগে ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, হবিগঞ্জে ১৭, মৌলভীবাজারে ১২ এবং সুনামগঞ্জে ৫৪ জন মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত বিভাগে ৯৭৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৩৫৭ জন, সিলেটে ৩১১, মৌলভীবাজারে ১৫৪ এবং হবিগঞ্জে ১৫৩ জন রয়েছেন। হবিগঞ্জের দুজন রোগীর শরীরে হাম ও রুবেলা—দুই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

আরও পড়ুন

তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১২৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হাম রোগী হিসেবে ৩০৯ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন ভর্তি রয়েছেন।

এ ছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৬, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৪, হবিগঞ্জ সদর হাসপাতালে ৩, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ এবং মাউন্ট এডোরা ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী চিকিৎসাধীন আছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর