রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহনসেবা চালু

জেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহনসেবা চালু

সাভারের বিরুলিয়া ও খাগান এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় মিরপুর ১ নম্বর থেকে খাগান পর্যন্ত নতুন পরিবহনসেবা চালু হয়েছে। এ পথে শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে বিশেষ ‘স্টুডেন্ট ভাড়া’। উদ্যোক্তারা জানিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত এ রুটে ৫০টি যানবাহন চলাচল করবে।

মিরপুর ১ নম্বর থেকে খাগান পর্যন্ত সাধারণ যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা। তবে শিক্ষার্থীরা ৩৫ টাকায় যাতায়াত করতে পারবেন।

বিরুলিয়া-খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এত দিন এ পথে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান ভরসা ছিল অটোরিকশা। পর্যাপ্ত বাস না থাকায় এবং আগের পরিবহনসেবা সীমিত হওয়ায় তাদের নিয়মিত ভোগান্তিতে পড়তে হতো।

নতুন পরিবহনসেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

dc28eb2e-fcf0-40c5-b1a5-f2035e8f7d2f

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফেরদৌস ইসলাম বলেন, ‘এই পথে নিয়মিত যানবাহন পাওয়া যেত না। অটোরিকশায় যাতায়াত করতে খরচও বেশি পড়ত। স্টুডেন্ট ভাড়ায় নতুন পরিবহন চালু হওয়ায় আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে।’

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাইনুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য আগে অনেক সময় গাড়ির অপেক্ষায় থাকতে হতো। নতুন এই পরিবহনসেবা নিয়মিত চালু থাকলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে।’

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়ালিদ নাইম বলেন, ‘৩৫ টাকা ভাড়ায় মিরপুর থেকে খাগান পর্যন্ত যাতায়াত শিক্ষার্থীদের জন্য বেশ স্বস্তিদায়ক। তবে সার্ভিসটি যেন নিয়মিত থাকে, সেটিই আমাদের প্রত্যাশা।’

উদ্যোক্তারা জানান, সাধারণ যাত্রীদের জন্য মিরপুর ১ নম্বর থেকে খাগান পর্যন্ত ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তাদের জন্য ভাড়া ১০ টাকা কমিয়ে ৩৫ টাকা করা হয়েছে। পরিবহনগুলোতে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তারা।

পরিবহন পরিচালক গোলাম রসুল পারভেজ বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই এই পরিবহনসেবা চালু করা হয়েছে। ৫০টি যানবাহন সকাল থেকে রাত পর্যন্ত চলাচলের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা যাতে সহজে ও কম খরচে যাতায়াত করতে পারেন, সেটিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর