কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ও সন্ধ্যায় উপজেলার লেমশীখালী ও বড়ঘোপ ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেল পাঁচটার দিকে লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজির পাড়ায় রান্নার জন্য পুকুরের ঘাটে মাছ ধুতে যান রুবেল কাদেরের স্ত্রী ইরান (২৫)। এ সময় পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ নেছারুল করিম তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইরান দুই সন্তানের মা ছিলেন। তিনি মৃগীরোগে ভুগছিলেন।

একই দিন সন্ধ্যা ছয়টার দিকে লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজির পাড়ায় পুকুরে ডুবে নুর মোহাম্মদের ১৩ মাস বয়সী ছেলে আনাছের মৃত্যু হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিকেল চারটার দিকে বড়ঘোপ ইউনিয়নের হাড়ি সিকদার পাড়ায় পুকুরে ডুবে ১৬ মাস বয়সী শিশু আরিশা আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, পুকুরে ডুবে মারা যাওয়া নারী মৃগীরোগে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানতে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




