নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে আরসিসি ঢালাই খসে পড়া, ফাটল ও ভেঙে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (১৫ আগস্ট) দুপুরে সরেজমিনে তদন্ত করেছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।
সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে, নিঝুম দ্বীপের প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কের মধ্যে মুক্তিযোদ্ধা বাজার থেকে শতফুল বাজার হয়ে নামার বাজার পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়ক আম্পান প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। মাইজদী এলাকার আবদুল হাই আরাম নামের এক ব্যক্তি কাজটির দায়িত্ব পেয়েছেন। ২০২৪ সালের ১৫ জুলাই কাজ শুরু হয়। ২০২৬ সালের অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ইতোমধ্যে কাজের প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু, রড ও খোয়া ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও সড়কের নির্ধারিত পরিমাপও ঠিক রাখা হচ্ছে না। নির্মাণের কিছু অংশ সামান্য বৃষ্টিতেই ক্ষতিগ্রস্ত হয়ে ওপরের স্তর উঠে গেছে। আবার কোথাও সড়কের অংশ ধসে পড়েছে। এসবের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কাজ শুরুর পর থেকেই নির্মাণকাজের মান নিয়ে সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাদের জানানো হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমানে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা আশরাফ মাঝি বলেন, নিঝুম দ্বীপের মানুষ যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। বহুদিনের দাবির পর গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ শুরু হলেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার আগেই সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। তিনি কাজের মান নিশ্চিত করার দাবি জানান।

নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক সদস্য আনোয়ার মেম্বার বলেন, নির্মাণকাজে অনিয়ম হলে সরকারি অর্থের অপচয় হবে এবং এর ভোগান্তি পোহাতে হবে স্থানীয় হাজারো মানুষকে। ইতোমধ্যে যেসব স্থানে ত্রুটি দেখা দিয়েছে, সেগুলো যথাযথভাবে মেরামত করে বাকি কাজও নির্ধারিত মান বজায় রেখে শেষ করার দাবি জানান তিনি।
এ বিষয়ে হাতিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেন, ‘আম্পান প্রকল্পের আওতায় নিঝুম দ্বীপের প্রধান সড়কের কাজ চলমান রয়েছে। অনিয়মের অভিযোগ ওঠায় কাজ বন্ধ রয়েছে। বিষয়টি তদন্তের জন্য আজ আমরা সরেজমিনে এসেছি।’

উল্লেখ্য, প্রায় ১৪ বছর আগে আইলা প্রকল্পের আওতায় আরসিসি ঢালাইয়ের মাধ্যমে বন্দরটিলা ঘাট থেকে নামার বাজার বিচ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ব্যবহারের পর সড়কটি ভেঙেচুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়লে নতুন করে বিভিন্ন ধাপে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সরকারি অর্থে নির্মাণাধীন গুরুত্বপূর্ণ সড়কটি যেন টেকসই ও মানসম্মত হয়। অনিয়মের অভিযোগের যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ত্রুটিপূর্ণ কাজ মানসম্মতভাবে পুনরায় করার দাবি জানিয়েছেন তারা।
প্রতিনিধি/এসএস




