রাঙামাটির মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নানিয়ারচরের কৃষ্ণমা ছড়ার মেঘরানী চাকমা, রাঙামাটি শহরের আমানতবাগ এলাকায় শান্তনা চাকমা, বিজয় নগরের শান্তি রঞ্জন চাকমা ও শোভা চাকমা। আহতরা হলেন- পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা এবং সুমন চাকমা। হতাহতরা সবাই ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, ভোরে রাঙামাটি শহর থেকে একটি পিকআপের করে কতুকছড়ি বাজারে সাপ্তাহিক হাটে যাচ্ছিলেন কয়েকজন। সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি উল্টে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাঙামাটি কোতয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এমআর




