শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

আকিকার মাংস দেওয়ার লোভ দেখিয়ে অলংকার ছিনতাই, যুবক আটক

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

আকিকার মাংস দেওয়ার লোভ দেখিয়ে অলংকার ছিনতাই, যুবক আটক
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়দের ভিড়। ছবি: ঢাকা মেইল

মুন্সীগঞ্জের শ্রীনগরে আকিকার মাংস দেওয়ার লোভ দেখিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণ ও রুপার অলঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সম্রাট হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার ভাগ্যকুল কবুতরখোলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।

আটক সম্রাট লৌহজং উপজেলার জসিলদিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজা খাসের হাট এলাকার বাসিন্দা আমেনা বেগম (৬০) বাসাবাড়িতে কাজের উদ্দেশে শ্রীনগরের কবুতরখোলা মাদবরবাড়ি এলাকায় আসেন।

তবে যে বাড়িতে তিনি কাজ করতে এসেছিলেন, সেটির মালিকের নাম বলতে না পারায় অভিযুক্ত অটোরিকশা চালক সম্রাট তাকে কৌশলে আকিকার মাংস দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যান।

সেখানে ভয়ভীতি দেখিয়ে আমেনার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল, রুপার চেইন ও হাতের চুড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সম্রাটকে অটোরিকশাসহ আটক করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে।

শ্রীনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম বলেন, স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি রুপার চেইন উদ্ধার করা হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর